শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

উরমাকে ভালবেসে

ছোট্ট একটা স্টেশন। কোন বাঁধানো প্লাটফর্ম নেই, দুইপাশে সারিসারি অর্জুন গাছ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আধপাকা বা শুকনো পাতা। একটু দূরে ছোট্ট একটা টিনের চালা, টিকিট ঘর।
টিকিট ঘরের সামনে রেলের একটুকরো পাত ঝুলছে। ট্রেন ছাড়লে সেই পাতে হাতুড়ি মেরে যাত্রাশুরুর জানান দেয়া হয়।
স্টেশন ছড়িয়ে কয়েকটা পা বাড়লেই একটা খড়ের চালা...দোকান। চপ,ফুলুরী,চা, এমনকি জলের বড় জালায় রাখা কোল্ড-ড্রিঙ্কস! দোকানের রংচটা বেঞ্চে বসে চাইলেই চোখ জুড়ানো সমতলভূমি বহুদূর পর্যন্ত...তারপর শুরু পাহাড়ের সারি।
উল্টোদিকে তাকলে সরু ধুলোমাখা মেঠোপথ পাকারাস্তা কেটে চলে গেছে গ্রামের মাঝখান দিয়ে।

কি ভাবছেন..কোন টূরিস্ট স্পট?

নাহ কোন স্পট নয়, 1998 সালের আগে পুরুলিয়া স্টেশন থেকে পিছিয়ে টাটানগর যেতে প্রথম স্টেশন পড়ে তামনা, ঠিক তার পরেই আমার যৌবনের উরমা-- ছোট উরমা।
জানি সে আজ অনেক পাল্টে গেছে! মনেই রাখনি আমায়! কিন্তু স্বীকার করতে আজ লজ্জা নেই ওকে ঘিরেই বাঁচতে চেয়েছিলাম একদিন..সবকিছু ছেড়ে হতে চেয়েছিলাম তার হৃদয়ের স্টেশনমাস্টার!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন